দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
করোনা সংক্রমণ রোধকল্পে লকডাউনের প্রথম দিনে গতকাল স্বাস্থ্যবিধি অমান্য করায় নবাবগঞ্জে ২৮ জনকে ১৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর বাগমারা ও নবাবগঞ্জ বাজারে দোকানপাট খোলা রাখার অপরাধে এবং হেলমেট ও মাস্ক ছাড়া মোটরসাইকেল চালানো ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল। অভিযান শেষে তিনি বলেন, লকডাউন অমান্য করে সড়কে অযথা ঘোরাফেরা ও মাস্ক ছাড়া মোটরসাইকেল চালানোসহ স্বাস্থ্যবিধি অমান্য করে দোকানপাট পরিচালনা করার দায়ে ২৮ জনকে জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।