মদনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক কিশোরী (১৪)। ঐ কিশোরী একটি স্থানীয় মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ ঐ কিশোরীর বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। এ সময় কিশোরীর বাবা ও বরের প্রথম স্ত্রীকে জরিমানা করা হয়। এলাকাবাসী জানায়, নেত্রকোনা সদর উপজেলার মল্লিক মিয়ার ছেলে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন মঞ্জুর (৩৫) সঙ্গে ঐ কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছিল। আনোয়ার হোসেন মঞ্জুর প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারও স্বামীর বিয়ের অনুষ্ঠানে আসে। স্থানীয় লোকজন বিষয়টি জেনে প্রশাসনকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনাস্থলে যান। তাদের উপস্থিতি টের পেয়ে বর আনোয়ার হোসেন মঞ্জু পালিয়ে যায়। এ সময় বরের প্রথম স্ত্রী ঝর্ণা আক্তারকে ১ হাজার ও ঐ কিশোরীর বাবাকে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেবে না বলে বাবা লিখিত অঙ্গীকার করেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।