পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
পাঁচবিবি উপজেলার ভীমপুর আদিবাসী পাড়ায় (তালপট্টি) রবিবার দুপুরে পুকুরে ডুবে স্বর্ণা আক্তার (১০) নামের এক শিশু মারা গেছে। নিহত শিশু দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের এরশাদ হোসেনের মেয়ে। স্থানীয়রা জানায়, শিশুটি ভীমপুর এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় হঠাত্ পানিতে ডুবে যায় স্বর্ণা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।