স্পোর্টস রিপোর্টার
কোপা আমেরিকায় নকআউটের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ ভোর ৬টায় নিয়ম রক্ষার ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলতে হবে আর্জেন্টিনাকে। এই ম্যাচে মেসি না খেললেও কোনো অসুবিধা নেই। কোচ লিয়োনেল স্কালোনি বিশ্রাম দিতে চাইছেন মেসিকে। কিন্তু মেসি মাঠের বাইরে থাকতে রাজি না। মেসি রাজি না হলেও আর্জেন্টিনার কোচ মেসিকে বিশ্রামে রাখতে চান।
বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে মেসিকে বিশ্রামে রাখার ইঙ্গিত দিয়েছেন কোচ স্কালোনি। দলের সঙ্গে মেসি কঠোর অনুশীলন করলেও রবিবার আর্জেন্টিনা দলের কোচ বলেছেন, ‘মেসির মতো কোনো ফুটবলার কখনো ম্যাচেই মাঠের বাইরে থাকতে চায় না। কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। এ ধরনের ফুটবলারের কাছ থেকে ভালোটা তুলে নিতে হলে বিশ্রামও দিতে হয়। টানা ম্যাচের ক্লান্তি কাটিয়ে ওঠার সুযোগ দিতে হয়। তা হলে কোয়ার্টার ফাইনালে মেসির কাছ থেকে সেরা পারফরম্যান্স পাওয়া যাবে। আর যদি মেসি খেলার জন্য উদগ্রীব থাকেন তাহলে ওর সঙ্গে কথা বলে নিতে হবে।’
মেসি না খেললে একাদেশে আগুয়েরা যুক্ত হবেন। প্যারাগুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে আগুয়েরা ভালোই খেলেছিলেন। তবে ইতিমধ্যে হলুদ কার্ড দেখে ফেলা তিন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, লাওতারো মার্টিনেজ এবং কোয়ার্তাকেও বিশ্রাম দিতে চান স্কালোনি।