ইত্তেফাক রিপোর্ট
সর্বাত্মক লকডাউন আতঙ্কে আগের দিন ব্যাপক পতন হলেও গতকাল সোমবার উত্থানে ফিরেছে শেয়ারবাজার। গতকাল শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে ৪০০ কোটি টাকা কমেছে। জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬ দশমিক ৬৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৯৪ দশমিক ৮০ পয়েন্টে এবং ২ হাজার ১৭৬ দশমিক ৬৪ পয়েন্টে। গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৩২৮ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের দিন থেকে ৪১১ কোটি ৬৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪০ কোটি ১৮ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩১টির বা ৬২ দশমিক ১০ শতাংশের, শেয়ার দর কমেছে ১০৮টির বা ২৯ দশমিক ০৩ শতাংশের এবং ৩৩টির বা ৮ দশমিক ৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩৯ দশমিক ৭৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ৩১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৯টির দর বেড়েছে, কমেছে ১০৮টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।