সিলেটের সিভিল সার্জনের বক্তব্য নিয়ে তোলপাড়

করোনা পজিটিভ ডাক্তার দিয়ে চিকিত্সা

 ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারের নির্দেশে করোনা পজিটিভ ডাক্তার দিয়ে রোগীদের চিকিত্সা ও করোনা রিপোর্ট নিয়ে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলের বেফাঁস মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংখ্য রোগীকে  চিকিত্সা দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে হাসপাতালে আসা সেবা গ্রহীতাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। রোগী ও তাদের স্বজনরা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ারের প্রতি ক্ষোভ ঝেড়ে নানা মন্তব্য করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

বিষয়টি নিয়ে শনিবার স্থানীয় সাংবাদিকরা সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি করোনা রিপোর্ট নিয়ে তাচ্ছিল্য করে দায়হীন জবাব দেন। স্বাস্থ্য বিভাগের এমন দায়িত্বশীল জায়গায় থেকে করোনা রিপোর্ট নিয়ে একজন সিভিল সার্জন এ ধরনের মন্তব্য করতে পারেন কি না—এ বিষয়ে জানতে চাইলে বিএমএর মহাসচিব স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ চিকিত্সা গবেষণা পরিষদের কোষাধ্যক্ষ ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, সিভিল সার্জন এ ধরনের বক্তব্য দিতে পারেন না। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবেন বলে জানান।