এসএসসিতে নম্বর বাড়াতে গিয়ে ধরা

এসএসসি পরীক্ষার মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণা করা হচ্ছে। এ ঘটনায় এক ছাত্রকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার ছাত্রের নাম রিফাত। তিনি নারায়ণগঞ্জের একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার সাইন্সের ডিপ্লোমা কোর্সের ছাত্র। তাকে শনিবার দিবাগত রাত আড়াইটায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইঘর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

আরো পড়ুন: মাঝ আকাশে বিমানবালাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের এসএসসি পরীক্ষার সকল বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানো সংক্রান্ত প্রতারণামূলক এক পোস্ট দিয়ে বিকাশে টাকা আদায় করছিলেন রিফাত। তিনি তার বাবার নামে রেজিস্ট্রেশনকৃত সিম ব্যবহার করে নিজেকে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মচারী উল্লেখ করে ‘রাইহান আহমেদ’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলেন।

এতে পরীক্ষার্থীদের প্রলুব্ধ করার জন্য বোর্ডের মূল্যায়নপত্রে নম্বর বাড়ানোর নামে প্রতারণামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি। অনেকে তার সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছ থেকে বিকাশে টাকা নেন।

রিফাতের কাছ থেকে জব্দ করা মোবাইলে এ সংক্রান্তে প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ