জাতীয় পার্টির (জাপা) এমপি রুস্তম আলী ফরাজী বলেছেন, আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। সংসদে বেগমপাড়া নিয়ে কথা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রে আছে, তবে কানাডায় বেশি। কারা করেছেন? তারা কি সব এমপি? না। ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা। কিছু ব্যবসায়ী আছেন। আর কিছু নষ্ট রাজনীতিবিদ। রাজনীতিবিদরা নন, সবচেয়ে বেশি আমলারা- সরকারি কর্মচারীরা। তারা দুর্নীতি করে আগে স্ত্রীর নামে বাড়ি কিনে ছেলেকে পাঠায়। পরবর্তীকালে নিজে যায়। গতকাল সোমবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
রুস্তম ফরাজী বলেন, প্রশাসনের সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারি দপ্তরে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। ঘুষ ছাড়া যিনি কাজ করতে পারেন, তিনি ভাগ্যবান।