মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

লকডাউনের মধ্যে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ভিড় করছে দক্ষিণাঞ্চলগামী মানুষ। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও পাঁয়ে হেটে লোকজন ফেরি ঘাটে আসছে। এদিকে কঠোর লকডাউনকে কেন্দ্র করে বরিশালের বাজারগুলোতে ভিড় করছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ প্রতিনিধি ও বরিশাল অফিসের পাঠানো খবর।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল সোমবারও দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড় অব্যাহত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় একমাত্র ফেরিতে যাত্রী পার হচ্ছে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও পাঁয়ে হেটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব কোনোটাই মানছেন না।

যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন ওঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে। পণ্যবাহী দেড় শতাধিক যান ঘাটে পার হওয়ার অপেক্ষায়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহাম্মদ আলী বলেন, ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের চাপ বেশি। পণ্যবাহী ও জরুরি যান ওঠার আগেই ফেরিতে যাত্রী উঠে যাচ্ছে। ফলে ঘাটে আটকা পড়ে থাকছে পণ্যবাহী ট্রাক।