আড়াই হাজার সনদধারীর নিয়োগে সুপারিশ করতে হচ্ছে না এনটিআরসিকে

নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার সনদধারীর নিয়োগের সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতি হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছে আপিল বিভাগ। এছাড়া এ সংক্রান্ত আদালত অবমাননার রুল খারিজ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ফিদা এম কামাল ও সনদধারীদের পক্ষে মোমতাজ উদ্দিন ফকির ও মো. খুরশীদ আলম খান শুনানি করেন।

খুরশীদ আলম খান বলেন, আদালত অবমাননা সংক্রান্ত রুল খারিজ করে এনটিআরসির আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। ফলে প্রায় আড়াই হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ সংক্রান্ত আদেশও আর থাকল না।

প্রসঙ্গত ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট শিক্ষক নিয়োগে এনটিআরসিএর প্রতি কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেয়। তার মধ্যে একটি ছিল সম্মিলিত মেধা তালিকা অনুযায়ী রিট আবেদনকারীদের নিয়োগের জন্য সুপারিশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘ সময় পার হলেও রায় বাস্তবায়ন না করায় রিট আবেদনকারীরা হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।