কবির সুমনের গলায় সংক্রমণ ধরা পড়েছে

বর্ষীয়ান সঙ্গীতশিল্পী কবির সুমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি ডাকে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ।

হাসপাতাল সূত্রে খবর, সোমবারের চেয়ে সুমনের জ্বর কমেছে। আগের থেকে কম অক্সিজেন দিতে হচ্ছে তাকে। সোমবার যেখানে প্রতি মিনিটে ৬ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছিল সেটা মঙ্গলবার কমিয়ে প্রতি মিনিটে ৪ লিটার করা হয়েছে। বুকের এক্স-রে করে বড় কিছু সমস্যা না পাওয়া গেলেও সামান্য কিছু সমস্যা রয়েছে। সেই কারণেই অক্সিজেন দিতে হচ্ছে।

সুমনের এন্ডোস্কপি করে গলায় সংক্রমণ ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাকে। মঙ্গলবার আর বুকের এক্সে বা স্ক্যানের পরিকল্পনা না থাকলেও নিয়ম অনুযায়ী তার রক্তপরীক্ষা করা হবে বলেই জানিয়েছে হাসপাতাল।

বর্তমানে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন সুমন। সোমবার তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুমনের কোভিড পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইত্তেফাক/বিএএফ