ভুয়া খবরে বিব্রত শাবনুর

g বিনোদন রিপোর্ট

 

সালমান শাহ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনের জের ধরেই অনেকটা মুখে কুলুপ এঁটে অস্ট্রেলিয়া যাওয়ার পর আর দেশে ফেরেননি শাবনুর। এর আগেও যে খুব ঘনঘন দেশে আসতেন তিনি, তাও নয়। তবে মাঝে জাজ মাল্টিমিডিয়ার বরাত দিয়ে প্রযোজক আব্দুল আজিজ বলেছিলেন, ‘শাবনুরকে নিয়ে তিনি ছবি বানাতে চান। এ ব্যাপারে শাবনুরের সঙ্গে তার মিটিংও হয়েছে। এমনকি এ কারণে মুটিয়ে যাওয়া শাবনুরকে মেদ কমাতেও বলেছেন। এসব খবর আর পরিকল্পনা যখন বিভিন্ন গণমাধ্যমে চাউর হচ্ছিল তখন বিভিন্ন দুর্নীতির বিতর্কে জড়িয়ে জাজের আব্দুল আজিজও হাওয়া হয়ে গেলেন ইন্ডাস্ট্রি থেকে! তাই শাবনুরকে দেখা গেল হঠাত্ হঠাত্ মুঠোফোনে দু-একটি পত্রিকার সঙ্গে কথা বলার ভেতরেই। তবে দেশে থাকাকালীন শাবনুর নিজেও প্রতিবেদককে বলেছিলেন, ‘ছবিতে ফিরতে চান, বছরে একটি বিশেষ ছবি হলেও। তবে অবশ্যই কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন তিনি। বয়সী চরিত্র হলেও ছবিতে তার গল্পটাই যেন গুরুত্ব পায়।’

কিন্তু এই গুজবের শহরে যেখানে একাধিক বরেণ্য শিল্পীর মৃত্যুর আগেও তাকে বার কয়েক মেরে ফেলি আমরা, সেখানে শাবনুরের একটি ছবিকে দুর্বল গ্রাফিক্স করে ফেসবুক প্রতারণার কৌশল নেওয়া তো মামুলি কাণ্ড! তেমনই ঘটেছে গতকাল। ফেসবুকে ‘শাবনুরের একটি ছবির কিছু অংশ নষ্ট করে ‘অপরাজিতা’ নাম দিয়ে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে জানান দেওয়া হয়েছে যে, তিনি ছবিতে ফিরছেন। অনেকদিন পর চলচ্চিত্রে ফিরছেন, এমন একটি প্রচারণা।

পরে জানা গেল, একেবারেই ফেক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট তৈরি করেছে তারই কোনো এক ভক্ত। তবে এই বরাত দিয়ে শাবনুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মেসেজে জানান, সেই ভক্তকে আমার শুভেচ্ছা জানাবেন। হুট করে বলা নাই, কওয়া নেই, আমি নিশ্চয়ই এমন করে ছবির ঘোষণা দেবো না। তাই এটাকে খুব বেশি আমলে নেওয়ার দরকার নেই। আর দেশের এই করোনা পরিস্থিতিতে একেবারেই বিষয়টি অমূলক আলোচনা।’ এমনিতে অফিশিয়ালি কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই শাবনুরের। অনদিকে সালমান শাহ ইস্যুতে ভাই, না প্রেমিক!—এমন তর্কে তিনি চুপ থেকে অস্ট্রেলিয়াতেই নিবাস গড়েছেন। সন্তানকে নিয়েই তার একার বসবাস। এই বৈশ্বিক সংকট কাটিয়ে উঠলে দেশে ফিরলে হয়তো আবারো ফিরতে পারেন নব্বই দশকের এই সুপারস্টার।