সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি

টানা বৃষ্টি এবং যমুনা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে হঠাত্ করেই গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী। দুপুর থেকে শহররক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট এলাকায় এ ধস শুরু হয়। এতে মুহূর্তের মধ্যেই ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ধস ঠেকানোর জন্য বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করে দিয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর থেকে হঠাত্ করেই শহররক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট অংশে ধস দেখা দেয়। এতে মুহূর্তের মধ্যে প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টি ও নদীর পানির তীব্র স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে বাঁধের নিচ থেকে মাটি সরে গেছে। দুই দিন আগেও আমরা এখানে ভালো অবস্থা দেখেছি। আজ (মঙ্গলবার) হঠাত্ করেই ধস দেখা দিয়েছে। ধস ঠেকাতে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে।

এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় ২০০১ সালে ৩৩১ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করা হয়।