মাগুরা প্রতিনিধি
মহম্মদপুর উপজেলার বানিয়াবহু গ্রামে মঙ্গলবার সকালে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষে মাহফুজার (৩৫) নামের এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে। নিহত মাহফুজার বানিয়াবহ গ্রামের আফসার মোল্লার ছেলে।
পুলিশ জানায়, বানিয়াবহু গ্রামের বাসিন্দা চাচাতো ভাই আফসার মোল্লা ও কদম মোল্লার মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল এবং কোর্টে মামলা চলছিল। মঙ্গলবার সকালে আফসার মোল্লা বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে কদম মোল্লা বাধা দেয়। উভয়পক্ষের সংঘর্ষে লাঠির আঘাতে মাহফুজার নামের একজন নিহত এবং খলিলুর রহমান ও মুন্নাফ নামে অপর দুইজন আহত হয়েছে। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন জানান, সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।