মূল্যতালিকা না থাকায় বরিশালে দুই ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল অফিস

বরিশালে সোমবার বিকেলে দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে নগরীর বাজার রোড, পেঁয়াজ পট্টি, পোর্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন। এসময় বাজার রোডে মেসার্স প্রগতি ট্রেডার্সে চালের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পিঁয়াজ পট্টি এলাকায় মেসার্স কৃষি বাণিজ্যালয়ে পিঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।