সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগের এনায়েতপুর এলাকায় সোমবার গাছের নিচে চাপা পড়ে মো. ইব্রাহিম (৩০) নামের এক হ্যান্ড ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। নিহত ইব্রাহিমের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়ারা গ্রামে। তিনি সেনবাগের ডমুরুয়া ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সোলেমানের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় ৩ নম্বর ডমরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, সোমবার দুপুরে ইব্রাহিম উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল খায়ের আরমির বাড়ি থেকে বিক্রির জন্য কিছু গাছ কেনেন। গাছগুলো কেটে গাড়িতে (হ্যান্ড ট্রাক্টরে) ওঠাতে গিয়ে অসাবধানতাবশত একটি গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।