স্পোর্টস রিপোর্টার
সময়ের অন্যতম সেরা গতিময় ফুটবলার। দুরন্ত ক্ষীপ্রতায় প্রতিপক্ষের রক্ষণ দুয়ার কাঁপিয়ে তুলতে তার জুড়ি নেই। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে নিজের সামর্থ্য তুলে ধরেছেন কিলিয়ান এমবাপে। ২২ বছর বয়সেই ফরাসি এই ফুটবলার খ্যাতির মধ্যগগনে বিচরণ করছেন। এবার মুদ্রার উলটো পিঠও দেখে ফেললেন এমবাপে। বড় ব্যর্থতার বোঝা সঙ্গী হলো তার ক্যারিয়ারে।
সোমবার রাতে টাইব্রেকারে তার শট সুইস গোলরক্ষক আটকে দিয়েছেন, ম্যাচ হেরে ইউরো থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। ব্যর্থতার পর নিজের হতাশা প্রকাশ করেছেন এমবাপে। দুঃখ প্রকাশ করেছেন সমর্থকদের কাছে। এমন অভিজ্ঞতা নিয়ে ঘুমানো কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।
এবারের ইউরোতে বাজে সময় কাটছিল এমবাপের, যার শেষটা হলো পেনাল্টি শুটআউটে গোল মিস করার মধ্য দিয়ে। অনেক প্রত্যাশা থাকলেও চলতি আসরে কোনো গোল করতে পারেননি তিনি।
ইনস্টাগ্রামে নিজের ব্যর্থতা নিয়ে এমবাপে বলেছেন, ‘চিত্র বদলে দেওয়া এখন কঠিন। বাদ পড়ার কষ্ট প্রবল, আমরা লক্ষ্য অর্জন করতে পারিনি। এই পেনাল্টির জন্য আমি দুঃখিত। দলকে সহায়তা করতেই চেয়েছিলাম আমি, কিন্তু ব্যর্থ হয়েছি। ঘুমানো কঠিন হবে এখন। তবে যে খেলাটাকে এত ভালোবাসি, দুর্ভাগ্যজনকভাবে সেখানে এমন উত্থান-পতন থাকেই।’ হতাশায় ডুবে গেলেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন এমবাপে।