ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মেট্রোরেলের নির্মাণকাজের কারণে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। মেট্রোরেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করায় মানুষের ভোগান্তি বেড়েছে। এই এলাকায় সড়কে ভোগান্তি দেখে দেখে অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এটা খুবই দুঃখজনক। গতকাল মিরপুরে মেট্রোরেল প্রকল্প এলাকায় জলাবদ্ধতার সার্বিক অবস্থা দেখতে গিয়ে এসব কথা বলেন আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, সামনে যাতে এ ধরনের ভোগান্তি না হয়, সে জন্য এখন থেকে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে সিটি করপোরেশন।
মিরপুরবাসীর ভোগান্তির দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে জানিয়ে মেয়র আতিকুল বলেন, যে কোনো নির্মাণকাজ করতে গেলে ভোগান্তি হবে। তবে রোকেয়া সরণি, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় যা হয়েছে, এর দায় মেট্রোরেল কর্তৃপক্ষকে নিতে হবে। তারা মানুষের ভোগান্তি কম করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মিরপুরের রোকেয়া সরণি এলাকায় আবারও পরিদর্শনে আসেন মেয়র আতিকুল। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এম সাইদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম প্রমুখ।