পুলিশের ওপরই মোটরসাইকেল তুলে দিলেন চালক

বিশেষ প্রতিনিধি

রাজধানীর পল্টন জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্টে সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের গায়ে মোটরসাইকেল উঠিয়ে দিয়েছেন ইউসুফ নামে এক চালক। পরে আহত ঐ পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন।

মোটরসাইকেল চালক ইউসুফ জানিয়েছেন, যাত্রী নিয়ে গুলশানের নতুন বাজার থেকে মতিঝিল যাচ্ছিলেন। পল্টন জিরো পয়েন্ট এলাকায় এলে পুলিশ সিগন্যাল দেয়। জরিমানা থেকে বাঁচতে দ্রুত পালাতে গিয়ে এক পুলিশ সদস্যের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। দুর্ঘটনার পর তার সঙ্গে থাকা যাত্রী পালিয়ে যান। পরে পুলিশ তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে ভর্তি করে।