কারো প্রভাবে খোকনের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেনি দুদক ------------ দুদক সচিব

কারো দ্বারা প্রভাবিত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের পরিবারের ব্যাংক হিসাব দুর্নীতি দমন কমিশন (দুদক) জব্দ করেনি বলে দাবি করেছেন দুদকের সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার। তিনি বলেছেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুদক কারো দ্বারা প্ররোচিত হয়ে বা প্রভাবিত হয়ে কাজ করে না।

গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাঈদ খোকনসহ তার পরিবারের আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে আদালত।

সাঈদ খোকনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব সাংবাদিকদের বলেন, কমিশন কারো কথায় চলে না। কিংবা কারো স্বার্থ রক্ষায় কাজও করে না। কারো ভিত্তিহীন অভিযোগের বিষয় দুদক আমলে নেবে না। দুদকে এ রকম কোনো বিষয় নেই।

দুদক কোনো নোটিশ না দিয়ে ব্যাংক হিসাব জব্দ করেছে সাঈদ খোকনের এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, এটা তার ব্যক্তিগত মতামত। দুদক মানুষকে অযথা বা একচেটিয়া, একদিক থেকে কোনো কিছু করে না।

দুদক সচিব বলেন, তদন্তের স্বার্থে দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্তের স্বার্থে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে।