এসএসসি পরীক্ষায় দুই কেন্দ্রে একশিক্ষার্থীসহ বহিঃষ্কার ৮ কক্ষ পরিদর্শক

এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীর প্যান্টের পকেটে নকল পাওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিঃষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে অসতর্ক থাকাসহ বিভিন্ন অভিযোগে ৮ জন কক্ষ পরিদর্শককে (শিক্ষককে) পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের মধ্যে এক স্কুলেরই তিন জন শিক্ষক রয়েছেন।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতির ঘটনা ঘটেছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও উপজেলা শিক্ষা অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষার হলে অব্যবস্থাপনা ও নানা অভিযোগে যাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন তারা হলেন মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক ও ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আরিফল ইসলাম, মো. নুরুজ্জামান ও মো. আব্দুর রহমান। মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সন্তোষ কুমার সরকার ও মো. শামীম আল মামুন। ওয়ার্শি ইউনিয়নের সিয়াম একাডেমির সহকারী শিক্ষক মো. কামাল খান। বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কক্ষ পরিদর্শক ও কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন এবং সিংগারডাক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মফিজুর রহমান। এছাড়া পরীক্ষা হলে পকেটে নকল পাওয়ায় বংশী নগর সুর্য্য তরুন উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বহিঃষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, 'শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক ও সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আজগর হোসেন মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তারা হলের ভিতরে অব্যবস্থাপনা ও নানা অনিয়ম দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে এই কেন্দ্রের ৭ নং হলের ৬ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়'।

আরও পড়ুন:  ভুল প্রশ্নে পরীক্ষার খাতা মূল্যায়ন হবে আলাদাভাবে: শিক্ষামন্ত্রী

এর আগে কেন্দ্র পরিদর্শনে গিয়ে রবিবার বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে হলে ভিতরে অব্যবস্থানা ও এক পরীক্ষার্থীর পকেটে নকল পাওয়ায় দুই শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচডি