লকডাউনেও শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

শিমুলিয়া ঘাটে লকডাউনের মধ্যে গতকাল মঙ্গলবারও দক্ষিণাঞ্চলগামী ঘরমুখো মানুষের ভিড় অব্যাহত রয়েছে। গতকাল সকাল থেকে চেকপোস্ট থাকা সত্ত্বেও বিভিন্নভাবে হাজার হাজার মানুষ ঘাটে আসছে পদ্মা পারের জন্য। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট এবং ট্রলার বন্ধ থাকায় একমাত্র ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে। ফেরি আসার সঙ্গে সঙ্গে যাত্রীরা জরুরি যানবাহন ওঠার আগেই হুমড়ি খেয়ে পড়ে।

দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ছোট ছোট যানবাহনে ভেঙে ভেঙে ও হেঁটে যাত্রীরা ফেরি ঘাটে আসছে। মানুষ গাদাগাদি করে করোনার মধ্যে ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছে। স্বাস্থ্যবিধি ও শরীরিক দূরত্ব কোনোটাই মানছে না যাত্রীরা। আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণার কারণে মানুষ বাড়ি ফিরছে বলে যাত্রীরা জানায়। যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। এতে কয়েক শ পণ্যবাহী যান ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এই নৌ-রুটে চলাচলকারী ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। দক্ষিণাঞ্চলগামী মানুষের চাপ বেশি থাকলেও রাজধানী ঢাকামুখী মানুষের চাপ ছিল মঙ্গলবার খুবই কম। যাত্রী ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে রোদ্র ও বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় মানুষের অপেক্ষা করতে হচ্ছে। এতে মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।