সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী কর্মীদের জন্য ফাইজারের কোভিড-১৯ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশি প্রবাসী কর্মীরা অনেক দিন থেকেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না অথবা জনসন অ্যান্ড জনসনের টিকা দাবি করে আসছিলেন। শেষ পর্যন্ত সরকার তাদের প্রাথমিকভাবে ফাইজার ও পরবর্তীকালে মডার্নার টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসীকর্মীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশে যখন মডার্নার ভ্যাকসিন আসবে, তখন সেটাও তাদের দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিবাসী কর্মীদের একটা তালিকা অধিদপ্তরে পাঠানো হবে। তখন সবার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, টিকা নেওয়া ছাড়া সৌদি আরবে গেলে কর্মীদের নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে। আর কুয়েত জানিয়েছে, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না অথবা জনজন অ্যান্ড জনসনের টিকা না নেওয়া কোনো অভিবাসী কর্মীকে তারা ঢুকতে দেবে না।