সৌদি-কুয়েতগামীরা পাচ্ছেন ফাইজারের টিকা

সৌদি আরব ও কুয়েতগামী প্রবাসী শ্রমিকরা পাচ্ছেন ফাইজার-বায়োএনটেকের টিকা। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার সাতটি টিকাদান কেন্দ্রে এই টিকাদান শুরু হবে। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর সাতটি হাসপাতাল হল-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।

প্রবাসী শ্রমিকদের কোয়ারেন্টিনের খরচ বাঁচাতেই এই পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, ‘ফাইজারের টিকা নিয়ে গেলে কুয়েত ও সৌদি আরবে কোয়ারেন্টিন করতে হয় না। অন্য টিকা নিয়ে গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিনের জন্য বাংলাদেশি ৭০ হাজার টাকা খরচ করতে হয় প্রত্যেকের পেছনে।’

তিনি বলেন, ‘এটা মাননীয় প্রধানমন্ত্রীরও সিদ্ধান্ত। আমাদের বিদেশে কর্মরত শ্রমিক যারা কুয়েত এবং সৌদি আরবে যাচ্ছেন তাদেরকে এই টিকা দেওয়ার জন্য।’

গত ৩১ মে বাংলাদেশ টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে বিনামূল্যে ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে। এরপর ২১ জুন থেকে দেশে ফাইজারের টিকার গণপ্রয়োগ শুরু হয়। এছাড়াও দেশে সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড এবং চীনের সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এএএম