ইডিএফ ফান্ডের আকার বাড়ল

রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) আকার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে চাহিদার কারণে এ ফান্ডের আকার ৫ দশমিক ৫০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৬ বিলিয়ন ডলার করা হয়েছে। অর্থাত্ এ ফান্ডের সঙ্গে যুক্ত হচ্ছে আরো ৫০ কোটি ডলার বা ১২ হাজার ৭৫০ কোটি টাকা। দেশীয় মুদ্রায় সব মিলিয়ে এ ফান্ডের আকার হবে ৫১ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের অক্টোবরে ইডিএফ থেকে ঋণের সুদহার দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। ঐ সময় থেকে এখনো এ তহবিল থেকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন রপ্তানিকারকরা। করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের বিশ্ব বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে এ সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।