তৈরি পোশাক খাতে দক্ষ জনশক্তি পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

তৈরি পোশাক খাতে চাহিদা মোতাবেক দক্ষ জনশক্তি পাওয়া যায় না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বিদেশি কর্মীরা আমাদের ম্যানেজমেন্টের এ ঘাটতি পূরণ করে। তবে এ খাতের উদ্যোক্তারা যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) গড়ে তুলেছেন তার মাধ্যমে ম্যানেজমেন্টের  প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত তৈরি পোশাক শিল্পে কর্মরত মিড-লেভেল ম্যানেজার-কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রফেশনাল ডিপ্লোমা কোর্স চালুর লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রপ্তানির প্রায় ৮৪ ভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। আশা ছিল, ২০২১ সালের মধ্যে এ খাতের রপ্তানি ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। আশা করছি, আগামী ২০২৪-২৫ সালে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

গতকাল চুক্তিতে স্বাক্ষর করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষে মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির পক্ষে ড. প্রফেসর ইঞ্জিনিয়ার মো. আইয়ুব নবী খান।

উল্লেখ্য, এ চুক্তির আওতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) গার্মেন্টস বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানুফ্যাক্সারিং সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এ তিনটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম করবে। প্রতিটি কোর্সে ৩৫ জন করে মোট ১০৫ জন শিক্ষার্থী এ কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। প্রতি কোর্সের মেয়াদ হবে ছয় মাস। বিজিএমইএ এবং বিকেএমইএ এ কোর্সের জন শিক্ষার্থী সিলেকশন করবে। বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ সহায়তা দেবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআইয়ের সহসভাপতি এম এ মোমেন, বিকেএমইএর ১ম সহসভাপতি মোহাম্মদ হাতেম এবং বিইউএফটির বোর্ড অফ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক।