জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেওয়া যুগান্তকারী সিদ্ধান্ত :নৌপ্রতিমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবিলায় জেলা পর্যায়ে সচিবদের দায়িত্ব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি বলেছেন, খাদ্য বিতরণ ও ঔষধ সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রয়েছে। খাদ্য ও ঔষধ বিতরণ কার্যক্রম স্মুথলি হয়েছে। ইউএনও, ডিসিরা মানুষের দ্বারে দ্বারে গেছেন। মানুষ আরো সাহসী হয়েছেন। কোনো শ্রেণি-পেশার মধ্যে বৈষম্য নেই।

গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের উদ্ভাবনী কাজে বিশেষ অবদানের জন্য মন্ত্রণালয় ও সংস্থার ছয় জন কর্মকর্তার মধ্যে ‘উদ্ভাবক পুরস্কার ২০২১’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।  নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উদ্ভাবনী পদক্ষেপ সবক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উদ্ভাবনী চিন্তাশক্তির কারণে পৃথিবী এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে; এর মূল উদ্ভাবক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। দেশ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন; যা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তিনি বলেন, উদ্ভাবনী চিন্তা-ভাবনা; একটি শক্তি। এ শক্তির প্রয়োজন আছে। এ শক্তি সঞ্চয় করতে পারলে উন্নয়ন আরো গতিশীল হবে।

প্রতিমন্ত্রী বলেন, মহামারি করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে ঘায়েল করে ফেলেছিল। উন্নত বিশ্ব এবং ইউরোপের দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা  করোনা মোকাবিলায় দিশেহারা হয়ে পড়েছিল। করোনা পরিস্থিতিতে ব্যাপক ভীতি তৈরি হয়েছিল। সে ভীতিটা দূর করে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের মানুষকে সাহসী করে তুলেছেন। প্রধানমন্ত্রী সারা দেশে প্রতিটি জেলায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন; তাদের সাহসী করে তুলেছেন।