একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে

পশ্চিমবঙ্গে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীকে একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সমবায় দপ্তর। সম্প্রতি তাকে ঐ পদগুলো থেকে সরানোর দাবিতে সরব হয় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ২০০৯ সালে তমলুকের এমপি নির্বাচত হওয়ার পরেই কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান হন শুভেন্দু। সেই থেকেই তিনি এই পদে রয়েছেন।

গত বছর ১৯ ডিসেম্বর মেদিনীপুর কলেজিয়েট মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি। তৃণমূল কংগ্রেস ছাড়ার আগেই রাজ্যের মন্ত্রিসভা ও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন শুভেন্দু। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এখনো অবৈধভাবে একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন শুভেন্দু। সূত্র জানায়, পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে তাকে সরাতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে।

পশ্চিমবঙ্গের মত্স্যমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের নেতা অখিল গিরি শুভেন্দুর উদ্দেশে বলেন, রাজ্য সরকারের সমালোচনা করতে হলে সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে তারপর করুন। ২০০৯ সাল থেকে টানা তিন বার কাঁথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন। যা পুরোপুরি আইনবহির্ভূত।