জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা যেমন স্বাধীনতার স্বাদ পেতাম না, তেমনি এরশাদের জন্ম না হলে এদেশের মানুষ উন্নয়নের স্বাদ গ্রহণ করতে পারত না। এরশাদ নেই; কিন্তু উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি অমর হয়ে থাকবেন। তিনি গতকাল মঙ্গলবার জাপার কেন্দ্রীয় কার্যালয়ে জাপার ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
খোকা বলেন, উন্নয়নবঞ্চিত এদেশকে চাবুকের থাবায় জাগ্রত করেছিলেন এরশাদ। তার উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রাম পর্যায়ে। তার উন্নয়নের ধারা ব্যাহত করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারপরও তিনি থেমে থাকেননি। আপস করেননি দুর্নীতির সঙ্গে। দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, মূল্যায়ন করেছেন মেধার ভিত্তিতে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ।