আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সিনিয়র সচিব মরহুম আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পালন করা হয়। এ উপলক্ষ্যে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, করোনাকালে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে গত বছর এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব  ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি। এ ছাড়া আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মরহুম আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সহোদর প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব এবং বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। ভার্চুয়ালি অংশগ্রহণকারী অন্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং সাবেক সচিব ফারুক হোসেন। —আইএসপিআর