সিরাজগঞ্জের তাড়াশে ২৪ ঘণ্টার প্রায় ১০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। একবার বিদ্যুৎ চলে গেলে দুই থেকে তিন ঘণ্টার আগে আর দেখা মেলে না। এমন বিদ্যুৎ বিভ্রাটের কারণে উপজেলা জুরে জনদুর্ভোগ চরমে উঠেছে। দেশে লোডশেডিং বলে কিছু নেই। তারপরও কেন ঘন-ঘন বিদ্যুৎ যায়, তা নিয়ে মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ তিন মাসেরও অধিক সময় ধরে চলছে পল্লী বিদ্যুতের এরকম ভেলকিবাজি।
তাড়াশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার আলাল উদ্দীন নামে একজন চা দোকানী বলেন, ছয় মাস আগেও তাড়াশের বিদ্যুৎ পরিস্থিতি এমন ছিলো না। তখন বলতে গেলে ২৪ ঘণ্টায় একবারও বিদ্যুৎ যেত না। আর ইদানিং বিদ্যুৎ না থাকা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঝড়-বৃষ্টি বা অন্য কোন দুর্যোগ লাগে না, এমনিতেই আট থেকে দশ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তিনি আরও বলেন, অসহনীয় গরমে মানুষজন দোকানের ভেতর বসে থাকতে পারেনা। যে কারণে তার চা বিক্রি একেবারেই কমে গেছে।
এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডিজিএম মো. আশরাফ উদ্দিন খান দৈনিক ইত্তেফাককে বলেন, দীর্ঘ ৩০ বছর পর মেইন লাইনের তার পাল্টে দেওয়া হচ্ছে। যে কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। শিগগিরই এ কাজ শেষ হয়ে যাবে।
ইত্তেফাক/এমআর