মায়ের মোবাইলে আসা উপবৃত্তির টাকা এসেছিল। সেই টাকা চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্র মো. কবির হাওলাদার (১২)। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দক্ষিণ বাধাল গ্রামে এ ঘটনা ঘটে।
ঢাকায় কর্মরত ইমারত শ্রমিক মো. ওবায়দুল হাওলাদারের ছেলে কবির বাধাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের মা নাছিমা বেগম জানান, তার মোবাইলে ছেলের উপবৃত্তির ৩০০টাকা আসে। দুপুরে স্কুল থেকে এসে ওই টাকা মোবাইল থেকে বের করে দেওয়ার জন্য বললে তিনি তা দেননি। এ সময় পাশ্ববর্তী গ্রামে তার এক আত্মীয়ের মৃত্যুর খবর এলে কবিরকে বাড়িতে রেখে পরিবারের সবাই সেখানে চলে যায়। এই ফাঁকে তার ছেলে টাকা না পাওয়ার ক্ষোভে-অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বিকেলে সাড়ে পাঁচটার দিকে কবিরের এক প্রতিবেশী সহপাঠী ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থা দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে সন্ধ্যা ৬টার দিকে হামপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ জিলানী কমপ্লেক্সের উদ্যোগে সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু