অভিজাত কর্পোরেট অফিসে চাকরি করেন। মার্কেটিংয়ের কাজ। যদিও তার মাথায় মার্কেটিং নিয়ে ধ্যান-জ্ঞান কম। বিপরীতে অভিনয়ের প্রতি বেশি ঝোঁক! তার অভিনয় প্রতিভা কাজে লাগান কর্মক্ষেত্রে। যে কোনও কাজ অর্জনের জন্য চরম মিথ্যা গল্পের আশ্রয় নেন এবং সেটি কাজে না আসলে উচ্চস্বরে কান্না শুরু করে দেন! তার কান্নায় মন গলে না, এমন মানুষ পাওয়া যাবে না। এমনই এক অদ্ভুত চরিত্র নিয়ে এবারের ঈদে হাজির হচ্ছেন মেহজাবিন চৌধুরী।
মেহজাবিনের নতুন নাটকটির নাম ‘চুমকি চলেছে’। এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। যাকে নাটকে দেখানো হবে আমেরিকা প্রবাসী চরিত্রে।
সিএমভির ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। নির্মাণ করেছেন মহিদুল মহিম।
নির্মাতা মহিম বলেন, ‘গল্পের ভিন্নতা আছে। মেহজাবিন আপুর চরিত্রটি দারুণ মজার ও চ্যালেঞ্জিং। ঈদ আয়োজনে নাটকটি দর্শকদের মনে আলাদা জায়গা করবে বলে আমার ধারণা।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হচ্ছে এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘চুমকি চলেছে’। সবগুলো কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল।
ইত্তেফাক/বিএএফ