চীন নিপীড়িত হবে না: কমিউনিস্ট পার্টির শতবর্ষে শি

চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষে পদার্পন উপলক্ষে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় চীন অন্য দেশকে নির্যাতন করে না এবং দেশটি কখনো নিপীড়িত হবেও না বলে মন্তব্য করেন জিনপিং। বৃহস্পতিবার (১ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, তিয়েনানমেন স্কয়ারে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখেন  চীনা প্রেসিডেন্ট। এসময় আনুমানিক ৭০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না। অনুষ্ঠানে যুদ্ধবিমানের সামরিক কসরত, ক্যানন স্যালুট এবং দেশাত্মবোধক গান গাওয়া হয়।

জিনপিং বলেন, কেবল সমাজতন্ত্রই চীনকে বাঁচাতে পারে। শুধুমাত্র চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্রই চীনকে বিকশিত করতে পারে। আমরা কখনই কারো দ্বারা চীনকে দমন, নিপীড়ন বা পরাধীন করতে দেব না।

শি জিনপিং কমিউনিস্ট পার্টির প্রভাব বিস্তারে বড় ভূমিকা রেখেছেন। ২০১২ সালে তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হন এবং ২০১৩ সালের মার্চে তিনি চীনের প্রেসিডেন্ট হন। তার সময়েই কমিউনিস্ট পার্টির সদস্য বেড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে ৯ কোটির বেশি সদস্য রয়েছে এ দলে।

ইত্তেফাক/এসএ