জার্মানির পর এবার ইতালিও আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি। এর মধ্য দিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে দীর্ঘ দুই দশকের অবস্থান শেষ করলো তারা।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেন, মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের আফগানিস্তান মিশন শেষ হয়েছে। এদিন দেশটিতে থাকা সেনাদের সর্বশেষ বাহিনী পিসা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
তবে সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে আফগানদের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আফগানিস্তানের উন্নয়নে ইতালি বিকল্প উপায়ে সবসময় যুক্ত থাকবে।
গত ২০ বছরে আফগানিস্তানে ইতালির মোট ৫০ হাজার সেনা দায়িত্ব পালন করেছেন। এদের ম্রধ্য ৫৩ জন নিহত ও ৭২৩ সেনা আহত হয়েছেন।
এর আগে একইদিন যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে জার্মানির সর্বশেষ সৈন্য নিজ দেশে ফিরে গিয়েছেন। এক বিবৃতিতে জার্মান প্রতিরক্ষামন্ত্রী অ্যানগ্রেট ক্র্যাম্প-ক্যারেনবাউয়ার বলেন, প্রায় ২০ বছর পর আমাদের শেষ সেনারা এই রাতে (মঙ্গলবার) আফগানিস্তান ছেড়ে গেছে এবং তারা বাড়ির পথে আছে। এটি একটি ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আফগানিস্তানেই জার্মান সামরিক বাহিনী প্রথম স্থলযুদ্ধ করেছিল। দেশটিতে যুক্তরাষ্ট্রের পর তাদেরই সর্বোচ্চ সেনা মোতায়েন ছিল। সংখ্যাটা সবমিলিয়ে প্রায় দেড় লাখ। মৃত্যুবরণ করেছেন ৫৯ জন এবং এদের মধ্যে যুদ্ধ বা জঙ্গি হামলায় নিহত হন ৩৫ জন।
ইত্তেফাক/টিএ