সপ্তাহব্যাপী লকডাউনে দেশজুড়ে মানুষের দোরগোড়ায় খাবার ও মুদিপণ্য ডেলিভারির কাজ চালু থাকবে বলে জানিয়েছে অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবা ফুডপ্যান্ডা।
বৃহস্পতিবার (১ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গত কয়েক দিনে কোভিড-১৯ সংক্রমণের হার নতুন রেকর্ড গড়েছে, তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। দেশের জনগণকে সুরক্ষিত রাখতে সরকারের একাধিক নির্দেশনার একটি হিসেবে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে সপ্তাহব্যাপী সারা দেশে চলবে লকডাউন। লকডাউন চলাকালে কম সময়ের মধ্যে গ্রাহকদের দোরগোড়ায় খাবার, মুদিপণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে, ফুডপ্যান্ডার সেবাসমূহ, যথা- অনলাইন খাবার ডেলিভারি, প্যান্ডামার্ট গ্রোসারি সেবা, এবং ফুডপ্যান্ডা শপস থেকে মুদিপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি সেবা চালু থাকবে।
প্রতিষ্ঠানটি জানায়, এই সঙ্কটকালীন সময় সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি, ফুডপ্যান্ডা এর কর্মীদের সুরক্ষিত রাখার লক্ষ্যে যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। রাইডারদের বার বার হাত স্যানিটাইজ করা এবং মাস্ক পরিধান নিশ্চিত করা ছাড়াও গ্রাহকদের যাতে রাইডারদের সংস্পর্শে আসতে না হয়, সেজন্য কন্ট্যাক্টলেস ডেলিভারি অপশন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য যে, লকডাউন প্রটোকল অনুসারে রেস্টুরেন্টগুলো তাদের রান্নাঘর খোলা রাখতে পারবে এবং টেকঅ্যাওয়ে ও হোম-ডেলিভারি সেবা চালিয়ে যেতে পারবে। এর ফলে, তাদের ব্যবসা যেমন চালু থাকবে, তেমনি ক্রেতারাও স্বাস্থ্যঝুঁকি ছাড়া ঘরে বসে খাবার ডেলিভারি পেয়ে যাবেন।
ইত্তেফাক/এমএএম