খুদে আবৃত্তিশিল্পী আরুশী

কচি-কাঁচার আসর ডেস্ক

 

বিশ্ববিখ্যাত গণিতবিদ কাল ফ্রেডরিক গাউস নাকি কথা বলা শেখার আগেই অঙ্ক শিখে ফেলেছিলেন। তোমরা ভাবছ সেটা কী করে সম্ভব? আসলে ফ্রেডারিক গাউস যখন খুব ছোট, কথাবলাও শেখেনি, তখন তার বাবা একদিন তাকে বললেন, তুমি কি কলা খাবে? ছোট্ট গাউস মাথা দুলিয়ে সায় দিলো। তারপর বাবা জানতে চাইলেন, তুমি কয়টা কলা খেতে চাও? গাউস তখন তার দুটো আঙুল দেখাল, মানে দুটো কলা খেতে চায়। এর থেকে ধরে নেওয়া হয় গাউস কথা বলতে শেখার আগেই অঙ্ক শিখেছে। অঙ্ক না জানলে নিশ্চয়ই দুটো আঙুল দেখাতে পারত না। তবে আজকে সে গল্প থাক। বরং আজ আমরা আরেকজন প্রতিভাবান খুদে বন্ধুর কথা বলব—যার নাম তাযকীয়া ফাইরুয আরুশী। যেহেতু লেখার শুরুতে কার্ল ফ্রেডরিক গাউস নামে অসাধারণ একজনের বাল্যকাল নিয়ে বলেছি তার মানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছ আরুশীও তেমন কিছু একটা করে ফেলেছে। বিষয়টি আসলে ঠিক তেমনিই। আরুশী বাংলাদেশের সবচেয়ে ছোট আবৃত্তিশিল্পীদের অন্যতম। আরুশীর বয়স এখন চার বছর। আরও দু বছর আগে যখন ও পড়তেও শেখেনি, লিখতেও শেখেনি, অক্ষরও চিনতে শেখেনি তখন থেকেই কবিতা আবৃত্তি করে! তোমরা জেনে অবাক হবে, বাকিরা যখন ছোটবেলায় তাদের বয়স অনুযায়ী সহজ সহজ ছড়া আবৃত্তি করত, আরুশী সেই বয়সে কঠিন সব কবিতা আবৃত্তি করে। তোমরা যারা আরুশীর বয়সী তারা কি কখনো জীবনানন্দ দাশের কবিতা পড়েছ? আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা পড়েছ? আল মাহমুদের কবিতা পড়েছ? নামগুলো শুনেই হয়তো তোমরা ভাবছ ওনারা আবার কারা! তোমরা জেনে অবাক হবে আরুশী বড় বড় কবিদের বড় বড়, কঠিন কঠিন কবিতা খুব সুন্দরভাবে আবৃত্তি করে। তাও একদম মুখস্থ! আরুশীর আম্মু নিজেও খুব ভালো আবৃত্তি করেন। ছোটবেলা থেকে আরুশীকে পাশে নিয়ে কবিতা আবৃত্তি করতেন। ফলে আরুশী খুব ছোটবেলা থেকেই আবৃত্তি শিখে গেছে। শুধু তা-ই নয়, সে আবৃত্তি করার সময় অভিনয় করেও দেখায়। আরুশীর নিজের ফেসবুক পেজ আছে যেখানে তোমরা ওর আবৃত্তির অনেক ভিডিও দেখতে পাবে। বিভিন্ন টিভি চ্যানেলে আরুশী কবিতা আবৃত্তি করে দারুণ প্রশংসা পেয়েছে। গোলাম মোস্তফা, সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবা হুমায়ুন ফরিদী বেঁচে থাকলে আরুশীর কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হতেন। আরুশীও মনে মনে সংকল্প করেছে—একদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো আবৃত্তিতে সবাইকে ছাড়িয়ে যাবে। অবশ্য সে এরই মধ্যে তার বয়সী এবং কাছাকাছি বয়সী সবাইকে ছাড়িয়ে গেছে। আরুশীর মুখে যেন কবিতারা প্রাণ ফিরে পায়, জীবন্ত হয়ে ওঠে।