ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে প্রতিবেশী গ্যারেজকর্মী রুবেল হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার চারাবাগ এলাকার ভাড়াবাসায় ঐ শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় প্রতিবেশী রুবেল হোসেন। পলাতক রুবেল হোসেন (৪০) চারাবাগ এলাকার ভাড়াবাসায় থেকে একটি রিকশা গ্যারেজে কাজ করত। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ১০ বছরের ঐ শিশু ও তার ছোট বোন ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকে। বাবা পরিবহন শ্রমিক এবং মা পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির বাবা-মা কর্মস্থলে ছিলেন। এ সময় ভুক্তভোগী শিশু ও তার ছোট বোন ঘরেই ঘুমিয়ে ছিল। এই সুযোগে প্রতিবেশী গ্যারেজকর্মী রুবেল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় ধর্ষক রুবেল।
আশুলিয়া থানার এসআই শফিউল্লাহ শিকদার বলেন, ৯৯৯’এ কল পেয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। কিন্তু অভিযুক্ত ধর্ষক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল বৃহস্পতাির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।