যাত্রীশূন্য মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি

কঠোর লকডাউনের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে একেবারে যাত্রীশূন্য অবস্থায় রয়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘাটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পণ্যবাহী গাড়ি পারাপারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌ-রুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। চেক পোস্টের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লকডাউনের কার্যকর করতে কাজ করছে। ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখানে নিমতলী এবং শিমুলিয়া ফেরিঘাটে এলাকায় বিজিবি মোতায়েন রয়েছে। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম (মেরিন) আহমম্মদ আলী জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১৪টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে শুধু পণ্যবাহী ট্রাক, জরুরি যান ও অ্যাম্বুলেন্সসহ পরিষেবার যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রী উপস্থিতি নেই ঘাটে। পরিষেবার যানবাহন ছাড়া ঘাট এলাকা একেবারে ফাঁকা। লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে শিমুলিয়া ঘাটে যেতে দেওয়া হচ্ছে না। জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন  চলতেও দেওয়া হচ্ছে না।