সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
কারখানা বন্ধ হওয়ার ১০ মাস পরও আদমজী ইপিজেডের কুনতুং অ্যাপারেলস লিঃ (ফ্যাশন সিটি) নামক বিদেশি পোশাক কারখানার ঠিকাদাররা বকেয়া বিল পায়নি। প্রতিষ্ঠানটির কাছে ১৩৮ ব্যবসায়ীর ৪০ কোটি টাকা পাওনা রয়েছে। বকেয়া বিলের জন্য কারখানা কর্তৃপক্ষ ছাড়াও ইপিজেডের মহাব্যবস্থাপকের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। জানা যায়, ২০০৬ সালে আদমজী ইপিজেডে কুনতুং অ্যাপারেল কারখানা চালু হয়। পরবর্তী সময়ে কারখানাটির কলেবর বৃদ্ধি পেয়ে ফ্যাশন সিটি কারখানা চালু করে সুনামও অর্জন করে। সর্বশেষ এ কারখানায় ৬ হাজার শ্রমিক কর্মরত ছিল। করোনা মহামারির কারণে কর্তৃপক্ষ গত বছর সেপ্টেম্বর মাসে কারখানাটি লে-অফ ঘোষণা করে। এরপর কর্তৃপক্ষ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এ সময় শ্রমিক-কর্মচারী ও সরবরাহকারী ঠিকাদারদের কোনো বকেয়া বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। অত্র কারখানায় ১৩৮ জন ঠিকাদার মালামাল সরবরাহ করে আসছিল। যাদের মোট বকেয়া বিল প্রায় ৪০ কোটি টাকা। এসব ঠিকাদার ব্যবসায়ীরা কেমিক্যাল, স্টেশনারি, নির্মাণসামগ্রী, বয়লার, মেশিনারি এক্সেসরিজ, মেকানিক্যাল যন্ত্রপাতি, শ্রমিক ও ওষুধ সরবরাহ করে আসছিল।