লোহাগাড়ায় ভারী বর্ষণ গ্রামীণ সড়কে ভাঙন

যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা প্রকৌশলী

মো. ইফরাদ বিন মুনীর জানান, বর্ষণে ও ঢলে আধুনগর এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা

নেওয়া হবে

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়ায় গত দু্ই দিনের ভারী বর্ষণে-ঢলে গ্রামীণ সড়কে ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডলুখাল ও হাতিয়ার খালের পানির ঢলে উপজেলার আধুনগর এলাকার প্রায় ১০টি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকা ও বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও ভারী বর্ষণে আধুনগর এলাকার তিনটি গ্রামীণ সড়কের মাঝখানে ভেঙে গিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়েছে।

 বৃহস্পতিবার সকালে দেখা গেছে, বর্ষণ-ঢলে উপজেলার আধুনগর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে সিপাহীপাড়া, মিয়াপাড়া, সর্দানীপাড়া, চৌধুরীপাড়া, মরাডলুকুল, রুস্তমপাড়া, ক্যামেলিয়াপাড়া, পালপাড়া ও উজাপাড়াসহ ১০টি পাড়ায় ঢুকেছে পানি। অন্যদিকে উক্ত এলাকার শাহমজিদিয়া-রশিদিয়া (সিপাহীপাড়া) সড়কের মাঝখানে ২০-৩০ ফুট, মিয়াপাড়া সড়কের রফিক মেম্বারের বাড়ির দক্ষিণাংশে প্রায় ১২০ ফুট এবং রুস্তমপাড়া সড়কের দক্ষিণ-পশ্চিমাংশে ৮০-১০০ ফুট গ্রামীণ সড়ক ভেঙে গিয়ে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ভারী বর্ষণ-ঢলে গ্রামীণ সড়ক ভেঙে যাওয়া ও এলাকা প্লাবিত হওয়ায় চলাফেরাসহ তাদের মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে। আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। দেখেছি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এলাকার ১০টির অধিক নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এলাকাবাসী পানিবন্দি হয়ে পড়েছে। তিনটির অধিক স্থানে গ্রামীণ সড়কের অংশ ভেঙে গিয়ে এলাকায় পানি ঢুকে পড়েছে এবং যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে উপজেলার পশ্চিম আমিরাবাদ ডলুকুল এলাকায় ডলু খালের ওপর এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোটি বৃহস্পতিবার সকালে পানির ঢলে ছিঁড়ে গেছে।

উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম জানান, বর্ষণ-ঢলে আধুনগর এলাকার প্রায় ০.২ হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে এবং বীজতলায় পানির সঙ্গে বালু জমেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী মো. ইফরাদ বিন মুনীর জানান, বর্ষণে ও ঢলে আধুনগর এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।