পথচারীদের ভোগান্তি
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
সেনবাগ পৌরশহরে সেনবাগ-সোনাইমুড়ি সড়কের কয়েকটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বৃষ্টির পানি জমে থাকায় পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন সেনবাগ রাস্তার মাথা থেকে সোনাইমুড়ী বাইপাস সড়কের মাথা পর্যন্ত সড়কের প্রশস্ত করার কাজ শুরু হয় এক বছর আগে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো সড়কের কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হলেও জমি অধিগ্রহণের বিলম্বের কারণে সেনবাগ পৌর শহরের কিছু অংশে এখনো কাজ করা হয়নি। সেনবাগ পৌর শহরের সরকারি পাইলট হাই স্কুল থেকে সেনবাগ প্রেসক্লাব মোড় হয়ে থানার মোড় এবং সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির অবস্থা খুবই খারাপ। এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সড়কটি দিয়ে দিনে-রাত যানবাহন এবং লোকজন চলাচল করছে। এতে পৌর শহরের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে।
সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পথচারী মো. আলমগীর হোসেন বলেন, সেনবাগ পৌর শহরের মতো এত গুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল অবস্থা। যেন কেউ দেখার নেই। এ সড়কটি সেনবাগ পৌর শহরের প্রধান সড়ক হিসেবে ব্যবহূত হয়ে আসছে।
এ ব্যাপারে সওজ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল বুধবার ইত্তেফাককে জানান, পুরো সড়কের কাজ ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। ভূমি অধিগ্রহণ সমস্যার কারণে সেনবাগ পৌরশহরের কিছু অংশে সড়কের দুরবস্থা, এটা সত্য। কয়েক দিনের মধ্যে সড়কটি আপাতত সংস্কার করা হবে বলে তিনি জানান। অপর এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী জানান, সেনবাগ পৌরশহরে যানজট নিরসনে বাঁকগুলো সোজা করতে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে।