রাজিবপুরে পাট চাষ বেড়েছে

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুরে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পাট চাষ হয়েছে। উপজেলার সব ইউনিয়নসহ চর এলাকার মাঠেও পাটের আবাদ হয়েছে। গত বছর কৃষক পাটের দাম ভালো পাওয়ায় ও দেশে চাহিদা বাড়ায় চাষ বেড়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। রাজিবপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ২ হাজার ৬৫৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তবে চাষ হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। ধুলাউড়ি গ্রামের কৃষক নুরুল জানান, এ বছর আবাদ অনেক বেশি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে পাটের বাম্পার ফলন হবে।