অবৈধভাবে মত্স্য আহরণের দায়ে দুই ট্রলার মালিককে জরিমানা

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সমুদ্র থেকে মত্স্য আহরণ করে বিপণনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মোরেলগঞ্জের পানগুছি নদীতে দুটি ট্রলার জব্দ ও জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করে। এফ বি মা ও এফবি সীমা নামের দুটি মত্স্য টলার সমুদ্র থেকে অবৈধভাবে মত্স্য আহরণ করে বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ কোস্ট গার্ডের কন্টিজেন্ট অফিসার মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পানগুছি নদী থেকে জাল ও ৮-১০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।  সিনিয়র উপজেলা মত্স্য অফিসার বিনয় কুমার রায় জানান, আটক এফ বি মা ট্রলারের মালিক সেলিম চৌধুরী ও এফ বি সীমা ট্রলারের মালিক হাফিজুর রহমানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের দুই জনের বাড়ি পাথরঘাটা উপজেলায়।

উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক মাছ আহরণ ও বিপণন নিষিদ্ধ।