সংবাদ সংক্ষেপ

চাটমোহরে বাক্প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর থানাপুলিশ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাক্প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামের মনির হোসেনের স্ত্রী ময়না খাতুন (৩০)। নিহতের মা ফাহিমা বেগম জানান, তার মেয়ে কথা বলতে পারত না। বিষপান করে মারা গেছে। কী কারণে সে এমনটা করল, তা তিনি বলতে পারেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশের ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

লাল তেলাপিয়া মাছের পোনা বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বৃহস্পতিবার মাছচাষিদের মধ্যে লাল তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু দারিদ্র্য  বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমির (বাপার্ড) পক্ষ থেকে এ পোনা বিতরণ করা হয়। বাপার্ডের প্রশিক্ষণ ভবন চত্বরে বাপার্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব শেখ মো. মনিরুজ্জামান ১০ জন মাছচাষির মধ্যে তেলাপিয়া মাছের পোনা বিতরণ করেন।

ফলদ ও বনজ বৃক্ষরোপণ উদ্বোধন

আদমদিঘী (বগুড়া) সংবাদদাতা আদমদিঘীর রহিম উদ্দিন ডিগ্রি কলেজে বৃহস্পতিবার দুপুরে ফলদ ও বনজ বৃক্ষরোপণ উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, রহিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

দরিদ্ররা পেলেন খাবার

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার পৌরসভার মেয়র ১ হাজার ২০০ অসহায় দরিদ্র মানুষের মধ্যে উন্নতমানের রান্না করা খাবার, সাবান ও মাস্ক বিতরণ করেছেন। বুধবার সন্ধ্যায় লায়ন সংঘ ক্লাবের কার্যালয়ে পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানু এসব বিতরণ করেন। এরপর দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার, সাবান ও মাস্ক পৌঁছে দেওয়া হয়।

নদীভাঙন ও দুস্থদের মধ্যে চেক বিতরণ

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা কালীগঞ্জে নদীভাঙন ও দুঃস্থদের মধ্যে বুধবার বিকালে ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। উপজেলা পরিষদ চত্বরে ঝড়, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ ৫৫টি পরিবারের মধ্যে মন্ত্রীর পক্ষে উপকারভোগীদের হাতে ঢেউটিন এবং চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

সার ও বীজ বিতরণ উদ্বোধন

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা মতলব উত্তর উপজেলায় বৃহস্পতিবার বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন ধান উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে ২৮০ জন প্রান্তিক চাষির মধ্যে এ সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।

আমন ধানের বীজ ও সার বিতরণ

আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বৃহস্পতিবার রোপা আমন ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এগুলো বিতরণ করা হয়। আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতন।

বস্তি এলাকায় মশক নিধন কর্মসূচি উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর পৌরসভা এলাকায় ফগার  মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউডিপি) প্রকল্পের আওতায় বুধবার বিকালে শহরের অফিসার্স কলোনি আউট হাউজ ক্যাম্প এলাকায় এর উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন।

 

০০০