কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে থেকে ৪১৫ বস্তা পোলট্রি ফিডসহ গত ১০ জুন গভীর রাতে চোরাইকৃত ট্রাকটি গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর এলাকা থেকে উদ্ধার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই খাদেমুল বাহার। এ সময় ট্রাকের একজন সহকারীকে আটক করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, গত ১০ জুন রাত পৌনে ১২টার সময় মুন্সীগঞ্জ থেকে চট্টগ্রামগামী ৪১৫ বস্তা পোলট্রি ফিডভর্তি ট্রাকের চালক ও সহকারী রাতের খাবার খাওয়ার জন্য পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে গাড়িটি পার্কিং করে হোটেলের ভেতরে যায়। খাওয়া শেষ করে এসে তারা দেখেন ট্রাকটি চুরি হয়ে গেছে। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৪ জুন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার এসআই খাদেমুল বাহার তদন্তকালে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গত বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর এলাকা থেকে ৩৯৬ বস্তা পোলট্রি ফিড এবং চোরাইকৃত ট্রাকটি উদ্ধার করেছেন। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির বর্তমান চালক পালিয়ে গেলেও ট্রাকটির বর্তমান সহকারী চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার বলিয়া গ্রামের ইমন হোসেন (২২) কে গ্রেফতার করছে।