জিম্বাবুয়ে সফরে নেই ফিজিও ক্যালেফাতো

স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে দিয়েছেন কোচিং স্টাফের সব সদস্য। ইতিমধ্যে হেড রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্স, স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ, ট্রেনার নিক লি দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুধু ফিজিও জুলিয়ান ক্যালেফাতো নেই টাইগারদের সঙ্গে। পাসপোর্ট জটিলতায় সফরে যোগ দিতে পারেননি তিনি। গতকাল হারারে থেকে টিম লিডার ও বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে তিনি বলেছেন, ‘উনি (ক্যালেফাতো) এখনো আসতে পারেননি। পাসপোর্ট রি-ইস্যু করতে দিয়েছিলেন। সেটি এখনো হাতে পাননি। তাই আসতে পারেননি।’ দক্ষিণ আফ্রিকায় জন্ম হলেও ক্যালেফাতো এখন ইতালির অধিবাসী। ২০১৯ সালের আগস্টে তাকে নিয়োগ দিয়েছিল বিসিবি। চলতি বছরের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি হয়েছিল তার।

ক্যালেফাতোর অনুপস্থিতিতে ঢাকা থেকে বাংলাদেশ দলের সঙ্গে উড়াল দিয়েছিলেন দেশীয় ফিজিও বায়েজিদুল ইসলাম। এর আগে জাতীয় দলের সঙ্গে নিয়মিতই কাজ করেছেন তিনি। বিদেশি ফিজিও থাকলেও যে কোনো সমস্যায় পড়লে বায়েজিদের কাছেই সবার আগে ছুটে যান ক্রিকেটাররা।