ওয়ানডে দলের অনুশীলন শুরু রবিবার

স্পোর্টস রিপোর্টার

একমাত্র টেস্ট খেলতে ১৮ সদস্যের বাংলাদেশ দল এখন জিম্বাবুয়ের হারারেতে অবস্থান করছে। টেস্ট শুরু হবে ৭ জুলাই। টেস্টের পর স্বাগতিকদের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ দল। বর্তমানে দেশে অবস্থান করা ওয়ানডে দলের বাকি সদস্যরা ৯ জুলাই এবং টি-২০ দলের ক্রিকেটাররা ১৪ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দিবেন।

এদিকে আগামী ৪ জুলাই মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে দলের ক্রিকেটারদের অনুশীলন শুরু হবে। টি-২০-র ক্রিকেটাররা অনুশীলনে নামবেন ৯ জুলাই। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অনুশীলনের তত্ত্বাবধান করবেন দেশীয় কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম। সাদা বলের ক্রিকেটে প্রস্তুতি চলবে সাইফউদ্দিন-মিঠুনদের। লকডাউনের মধ্যেও বিশেষ ব্যবস্থায় ক্রিকেটাররা অনুশীলন করবেন।  শুধু ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে যাবেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, সাইফউদ্দিন ও রুবেল হোসেন। টি-২০ খেলতে যাবেন সৌম্য সরকার, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও শামীম হোসেন।