মুমিনুলদের অনুশীলন শুরু

টেস্টে তামিমকে নিয়ে শঙ্কা

 স্পোর্টস রিপোর্টার

জিম্বাবুয়ে সফররত বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে। গতকাল হারারেতে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। করোনা পরীক্ষায় দলের সবাই নেগেটিভ হওয়ায় অনুশীলনের অনুমতি পেয়েছে বাংলাদেশ দল। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

টেস্টের প্রস্তুতি শুরু করলেও বাংলাদেশ শিবির কিছুটা অস্বস্তি বিরাজ করছে তামিম ইকবালের ইনজুরির কারণে। সিরিজের একমাত্র টেস্টে তামিমের খেলা অনিশ্চিত। কারণ হাঁটুর ইনজুরি এখনো কাটিয়ে উঠতে পারেননি বাঁহাতি এ ওপেনার। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী জিম্বাবুয়ে গিয়েও বিশ্রামে থাকতে হচ্ছে তাকে। ম্যাচের আগে ভালোবোধ করলে খেলতে পারবেন, না হয় তার বিশ্রামের মেয়াদ বেড়ে যাবে। আগামী ৭ জুলাই শুরু হবে টেস্ট।

গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তামিমের চোট এখনো পুরোপুরি ঠিক হয়নি। সেজন্য আমরা ওকে বিশ্রাম নিতে বলেছি। তবে বিশ্রাম মানে এই নয় যে, সে শুয়ে বসে কাটাবে। মাঠে যাবে, ব্যাটিং অনুশীলন করবে, রানিং করবে। যদি তাতে সমস্যা হয় তাহলে বিশ্রামে থাকবে। তবে যেহেতু টেস্ট ম্যাচ এখনো সাত দিন বাকি, সেহেতু ওভাবে চিন্তা করছি না। যদি সেই পর্যন্ত সে সেরে না ওঠে তাহলে বিশ্রামের মেয়াদ আরো বাড়বে।’ এ ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগেও খেলেননি তামিম। আঙুলের ইনজুরিতে পড়ে সুপার লিগের কয়েকটি ম্যাচ মিস করেছিলেন মুশফিকুর রহিমও। জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে আছেন তিনিও।

২০১৩ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে খেলোয়াড় ছিলেন আব্দুর রাজ্জাক। এবার নির্বাচকের দায়িত্ব নিয়ে গেছেন দলের সঙ্গে। জিম্বাবুয়ের কন্ডিশন স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে গতকাল রাজ্জাক বলেছেন, ‘জিম্বাবুয়ের আবাহওয়া ক্রিকেটের জন্য আমার খুব ভালো লাগে। কিন্তু উইকেটটা কঠিন থাকে। বিশেষ করে স্পিনারদের জন্য। তাছাড়া এখানকার আবহাওয়া, বায়ুমণ্ডল সব কিছু সুন্দর।’ এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য গতকাল ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক শন উইলিয়ামস।