এনইআইআর কার্যক্রম শুরু

অবৈধ হ্যান্ডসেটে যাবে সতর্কবার্তা, তিন মাস পর বন্ধ

অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। এ প্রক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে যেসব নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে তার মধ্যে কোনোটি অবৈধ হয়ে থাকলে গ্রাহককে তা জানিয়ে তিন মাস সময় দেওয়া হবে। পরীক্ষামূলকভাবে তিন মাস ঐ সেট নেটওয়ার্কে সচল রেখে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে সেটি বন্ধ করে দেওয়া হবে বলে বিটিআরসি জানিয়েছে।    আর গত ৩০ জুন পর্যন্ত গ্রাহকের হাতে থাকা সব চালু হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআরে নিবন্ধিত হয়ে গেছে। বিটিআরসি বলছে, হ্যান্ডসেট নিবন্ধনের এই প্রক্রিয়া চালু হওয়ায় এখন থেকে কারো মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে সহজেই তা উদ্ধার করা সম্ভব হবে। আর চুরি যাওয়া হ্যান্ডসেট চাইলেই অন্য কেউ চালু করতে পারবে না।  

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এনইআইআর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল আলম বলেন, বাংলাদেশে এ পর্যন্ত যত হ্যান্ডসেট নেটওয়ার্কে চালু হয়েছে, তার সবই নিবন্ধনে আনা হচ্ছে। ৩০ জুন পর্যন্ত ১০০ কোটির বেশি হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধিত হয়েছে, হাতে আরো ১৫ কোটি আইএমইআই নম্বর রয়েছে নিবন্ধনের অপেক্ষায়।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এটি একটি স্মরণীয় দিন। এনইআইআরের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তাও নিশ্চিত করা যাবে। এনইআইআর প্রযুক্তি পুরোপুরি বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ দমন আরো সহজ হবে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধের মাধ্যমে রাজস্ব খাতেও সহায়তা হবে।

হ্যান্ডসেট কেনার আগে যা করবেন :এখন থেকে যে কোনো মাধ্যমে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করতে হবে। সেজন্য একটি পদ্ধতি অনুসরণের পাশাপাশি হ্যান্ডসেটের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলছে বিটিআরসি। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD লিখে স্পেস দিয়ে ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখতে হবে। এরপর ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজ মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

বিদেশ থেকে আনা হ্যান্ডসেট যেভাবে নিবন্ধন হবে : বিদেশ থেকে বৈধভাবে কিনে আনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট দেশে চালু করার পর স্বয়ংক্রিয়ভাবেই নেটওয়ার্কে সচল হবে। এ ধরনের গ্রাহককে ১০ দিনের মধ্যে অনলাইনে তথ্য দিয়ে নিবন্ধন করার জন্য এসএমএস পাঠানো হবে। ১০ দিনের মধ্যে নিবন্ধন হয়ে গেলে ঐ হ্যান্ডসেট ‘বৈধ’ বিবেচিত হবে। আর তা না হলে হ্যান্ডসেটটি অবৈধ বিবেচনা করে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তাদের ক্ষেত্রেও পরীক্ষাকালীন ঐ তিন মাস হ্যান্ডসেট নেটওয়ার্কে চালু রেখে পরে বন্ধ করা হবে। 

হাতে থাকা হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে যে ভাবে : যে কেউ চাইলে তার মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা জেনে নিতে পারেন। মোবাইল হ্যান্ডসেট থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে। স্ক্রিনে অপশন এলে Status Check সিলেক্ট করতে হবে। তখন একটি অটোমেটিক বক্স আসবে, সেখানে মোবাইল হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইইএমআই নম্বরটি লিখে পাঠাতে হবে। গ্রাহকের মোবাইলে তখন হ্যাঁ/না অপশন সংবলিত একটি অটোমেটিক বক্স আসবে। তাতে হ্যাঁ Select করে নিশ্চিত করতে হবে। ফিরতি মেসেজে ব্যবহূত মোবাইল ফোন/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।